উইকেটকে কাঠগড়ায় তুললেন ইমরুল

ক্রীড়া প্রতিবেদক

ম্যাচের শুরু থেকেই নিয়মিত উইকেটের পতন। কোনো ব্যাটারই সেট হয়ে পারলেন না ইনিংস লম্বা করতে। হয়নি বলার মতো কোনো জুটিও। ফলে লো স্কোরিং ম্যাচেও রোমাঞ্চকর লড়াইয়ের সাক্ষী হলো মিরপুর। তবে এমন ব্যাটিংয়ের জন্য উইকেটকেই কাঠগড়ায় তুললেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন কুমিল্লার লক্ষ্য ছিল মাত্র ৯৭ রানের। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ঘাম ছুটে যায়। ১৯তম ওভার পর্যন্ত ব্যাট করতে হয় তাদের। উইকেটও হারায় ৮টি। আর সামান্য কিছু রান বেশি হলে হয়তো ফলাফল ভিন্ন হতেই পারতো।

নিজের ব্যাটারদের নিবেদনে কোনো ঘাটতি দেখছেন না ইমরুল। উইকেটের কারণেই এমন বাজে ব্যাটিং হয়ে বলে জানান তিনি। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন, 'আমাদের ব্যাটিংও আশাব্যঞ্জক, কিন্তু কখনো কখনো ধীর গতির উইকেটে এমন ঘটে থাকে।'

তবে বোলারদেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কুমিল্লা অধিনায়ক, 'এটা শুধুমাত্র প্রথম খেলা, তাই একটু মরিচা ধরেছে। আশা করি পরের ম্যাচে উন্নতি হবে। পরিকল্পনা কাজ করেছে, বিশেষ করে নাহিদুলকে শুরুতে বল দেওয়াটা। বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে সে ভালো করেছে। তানভীরও ভালো করেছে।'

আগের দিন একই উইকেটে ভিন্ন চিত্র দেখেছে মিরপুর। প্রথম ম্যাচে লো স্কোরিং ম্যাচ হলেও দ্বিতীয় ম্যাচে হয়ে প্রায় দুইশর কাছাকাছি রান। সে রান তাড়া করে আবার জিতেই গেছে অপর দল। ফলে ব্যাটারদের নিবেদন নিয়েও কিছুটা প্রশ্ন থাকলেও ইমরুল সে পথে হাঁটেননি।

ইমরুলের মতো নিজের বোলারদের প্রশংসায় মেতেছেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেনও, 'বোলাররা কঠিন লড়াই করেছে। তারা দেখিয়েছে এ উইকেটে তারা কতটা ভালো। উইকেট এমন আচরণ করলে, আপনাকে কিছু করতে হবে না। শুধু ঠিক জায়গায় বোলিং করলেই হয়। আর ১০-১৫ রান করলে ভালো হতো। কিছু কিছু জায়গায় উন্নতি করতে হবে।'