নাহিদুল বন্দনায় দুই অধিনায়ক
মূল কাজ তার ব্যাটিং। তবে মাঝে মধ্যেই বোলিংটা করে থাকেন নাহিদুল ইসলাম। পুরো ওভারের কোটা শেষ করেন খুব কম সময়েই। সেই নাহিদুল এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের নায়ক। রীতিমতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রেকর্ড বইয়ে জায়গা করে নিয়ে ধসিয়ে দেন ফরচুন বরিশালকে। তাতে দুই অধিনায়কের উচ্ছ্বসিত প্রশংসাই পেয়েছেন তিনি।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালকে ৬৩ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান করে তারা। জবাবে নাহিদুলের ঘূর্ণিতে পড়ে ১৫ বল বাকি থাকতে ৯৫ রানে গুটিয়ে যায় বরিশাল।
এদিন বরিশালের ইনিংসে কোনো রান যোগ না হতেই ছন্দে থাকা সৈকত আলীকে ফেরান নাহিদুল। পরে ফেরান অধিনায়ক সাকিব আল হাসানকে। ফলে দলীয় ৭ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। এরপর বড় ধাক্কাটা দেন ক্রিস গেইলকে ফিরিয়ে। তাতেই খেই হারিয়ে ফেলে বরিশাল।
শেষ পর্যন্ত ৪ ওভার বল করে মাত্র ৫ রান খরচ করে পান ৩টি উইকেট। বিপিএলে যা সবচেয়ে কিপ্টে বোলিংয়ের রেকর্ড। এর আগে ২০১৫ সালে সিলেট সুপার স্টার্সের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৫ রানে ২টি উইকেট নিয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
ম্যাচ শেষে তাই নাহিদুলের প্রশংসায় মাতেন অধিনায়ক ইমরুল কায়েস, 'দলের পারফরম্যান্সে আমরা খুব খুশি। নাহিদুল দুর্দান্ত বোলিং করেছে। আগের ম্যাচেও করেছিল। সে আত্মবিশ্বাসে পরিপূর্ণ।'
নাহিদুলকে কৃতিত্ব দিলেন প্রতিপক্ষ অধিনায়ক সাকিব আল হাসানও, 'কৃতিত্ব অবশ্যই নাহিদুলের, সে ভালো জায়গায় অসাধারণ বোলিং করেছে। যখনই আমাদের ব্যাটাররা বড় শট খেলতে গিয়েছে তখন আউট হয়েছে।'