বিপিএলে পেস বোলিং অলরাউন্ডার ও রিস্ট স্পিনারের খোঁজে রিয়াদ

স্পোর্টস ডেস্ক

বিপিএলের দামামা শুরু হতে আর একদিন বাকি। এরমধ্যেই নিজেদের গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। আসরের শিরোপা জয়ই তাদের একমাত্র লক্ষ্য। তবে এর মাঝেও ভিন্ন কিছু ভাবছেন মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ। এ আসরের মাঝেই ভাবছেন বিশ্বকাপ নিয়ে। কারণটাও যৌক্তিক। বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কও তিনি। তাই বিপিএলেই বিশ্বকাপের জন্য নিজের প্রয়োজনীয় রশদ খুঁজে নিতে চান অধিনায়ক।

চলতি বছরেই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বরাবরই দেশটির মাটিতে উইকেটে থাকে সবুজের ছোঁয়া। মাঠের স্বাভাবিক চরিত্র থাকে বাউন্সি। এমন উইকেটে রাজ করে থাকেন পেসাররাই। স্পিনাররাও সুবিধা পান। তবে তুলনামূলক চিত্রে রিস্ট স্পিনাররাই ভালো করেন। তাই এই বিপিএলে ভালোমানের পেস অলরাউন্ডার ও রিস্ট স্পিনারের খোঁজে নেমেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

তার উপর আরব আরিমাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় আশা নিয়ে গিয়েও প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি টাইগাররা। এ ব্যর্থতার দায়টা সবচেয়ে বেশি গিয়েছিল অধিনায়ক মাহমুদউল্লাহর কাঁধে। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ায় কিছু একটা করে দেখানোর তাগিদ অনুভব করছেন তিনি।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে মাহমুদউল্লাহ বললেন, 'বিশ্বকাপে আমাদের যে প্রত্যাশা ছিল সত্যি বলতে তা পূরণ করতে পারিনি। দল হিসেবে আমাদের অনেক বেশি প্রত্যাশা ছিল। ভালো দুইটা সিরিজ খেলে আত্মবিশ্বাস নিয়েই গিয়েছিলাম। দুইটা ম্যাচে কাছে গিয়েও হেরে গেছি।'

'সামনে আরেকটা বিশ্বকাপ আছে, আরেকটা সুযোগ। ফরম্যাশন নিয়েও হয়ত টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে, কারণ কন্ডিশন ভিন্ন হবে। হয়ত পেস বোলিং অলরাউন্ডারদের আধিক্য থাকবে, রিস্ট স্পিনারের প্রয়োজনীয়তা বেশি থাকবে। এই জিনিসগুলো আমাদের সবারই মাথায় আছে। যারা (বিপিএল) পারফর্ম করবে তাদের সুযোগ থাকবে।' -যোগ করেন অধিনায়ক।

চাপ থাকলেও নেতৃত্ব নিজেকে ভালো খেলতে অনুপ্রাণিত করে বলেই জানালেন মাহমুদউল্লাহ, 'আগেও বলেছি, অধিনায়কের দায়িত্ব আমাকে ভালো খেলতে অনুপ্রাণিত করে। আমাদের দলটা তারকাবহুল। অনেক দায়িত্বও থাকবে। যখন খ্যাতি বেশি থাকে তখন তা প্রমাণেরও বিষয় থাকে। এই জিনিসগুলো আমাদের সবারই মাথায় আছে। ইনশাআল্লাহ্‌ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি বিশ্বাস করি, আমার দলের ভালো করার সামর্থ্য আছে।'