উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ঢাবির সেই শিক্ষার্থী
উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিকেল সেন্টারের আধুনিকায়ন এবং উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবিতে অনশনকারী শিক্ষার্থী মহিউদ্দীন রনি।
আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহিউদ্দীনকে ডাবের পানি খাইয়ে দীর্ঘ ৭৭ ঘণ্টার অনশন ভাঙান উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।
গত ৩ দিন ধরে অনশন করছিলেন মহিউদ্দীন। তার ৬টি দাবির সঙ্গে সহমত পোষণ করে উপাচার্য বলেন, 'ইতোমধ্যে কয়েকটি দাবির বাস্তবায়ন হয়েছে। বাকি দাবিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। আর আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নতুন একটি ভবন ২ বছরের মধ্যেই নির্মাণ করা হবে।'
এ সময় তিনি মহিউদ্দীনকে ভালো কোনো হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ নেন।
উপচার্যের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শনিবার দুপুর ২টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে অনশনের ঘোষণা দেন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহিউদ্দীন রনি।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়নের জন্য উত্থাপতি তার দাবিগুলো হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রবেশ পথে ইনফরমেশন ডেস্ক স্থাপন করা; প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আধুনিক লিফট, র্যাম্প, হুইল চেয়ার ও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা; নারী শিক্ষার্থীদের অন্তর্বর্তীকালীন শারীরিক সমস্যার সব চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা প্রদান; অতি দ্রুত প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সামগ্রী ও ওষুধ প্রদান এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি বা মেশিন স্থাপন; অতিদ্রুত মেডিকেল সেন্টার থেকে নিয়মিত পুষ্টিকর খাবার প্রদান ও ক্যান্টিন স্থাপন করা; হাইকমোড, হাইলি ডেকোরেটেড স্যানিটেশন সিস্টেমে টয়লেট, বাথরুম তৈরি করা।
