ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে চমেক বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় আজ শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার জানিয়েছেন, আজ বিকেল ৫টার মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রীদের হোস্টেল ছাড়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

cmc_2.jpg
ছবি: রাজীব রায়হান

তিনি আরও জানান, স্নাতক পর্যায়ের সব পরীক্ষা আপাতত স্থগিত থাকবে। তবে স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা চলবে।

সকালে ক্যাম্পাসে ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষে ৩ শিক্ষার্থী আহত হন।

এর আগে গতকাল রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

উভয় ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে আজ বিকেলে চমেক একাডেমিক কমিটি বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।