ঢাকা কলেজ-টিটিসি শিক্ষার্থীদের সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল স্বাভাবিক

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানী ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

বুধবার রাত ৯টার দিকে ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের ৭ ছাত্র আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। 

আহতরা হলেন, কায়েছ (২৪), জসিম উদ্দিন (২৮), সুজন (২৮), খোকন (২৮), রুবেল (২৬), মামুন (২৬) ও সিহাব (২৬)। 

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মাসুম দ্য ডেইলি স্টারকে বলেন, 'টিটিসি ও ঢাকা কলেজের মাঝের গলিতে চা খাওয়া নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝগড়া হয়ে। এ ঘটনায় ঢাকা কলেজের ৩ শিক্ষার্থীকে মারধর করে টিটিসির শিক্ষার্থীরা। এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিটিসিতে গিয়ে সেখানকার শিক্ষার্থীদের দিকে ইট-পাটকেল ছুড়লে তারাও পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকলে সংঘর্ষ শুরু হয়।'

277037105_518640039848714_9118257593640745047_n.jpg
ছবি: স্টার

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে বলেও জানান তিনি। 

সংঘর্ষ শুরু হলে ঢাকা কলেজের সামনের সড়কসহ আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া ঢাকা কলেজের সামনে ও আশেপাশের দোকান-পাটও বন্ধ হয়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, 'পরিস্থিতি এখন স্বাভাবিক। আপতত এখানে অর্ধ শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।'