ঢাবি ‘ক’ ইউনিটে একই নম্বর পেয়ে প্রথম-দ্বিতীয়-তৃতীয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'ক' ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সমপরিমাণ নম্বর পেয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন তিন শিক্ষার্থী। শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত বিষয়-ভিত্তির নম্বর দেখে তাদের স্থান নির্ধারণ করা হয়েছে।
প্রথম স্থান অর্জন করেছেন নটরডেম কলেজের শিক্ষার্থী আসীর আনজুম খান। এবারের বুয়েটে ভর্তি পরীক্ষায়ও তিনি প্রথম হয়েছেন৷ ঢাবি 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার তার প্রাপ্ত নম্বর ৯৫ ও জিপিএসহ তার সর্বমোট নম্বর ১১৫৷
দ্বিতীয় হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী খালিদ হাসান তুহিন৷ ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নাম্বার ৯৫ ও জিপিএসহ সর্বমোট নম্বর ১১৫৷
তৃতীয় স্থান অর্জন করেছেন জারিফা তাবাসসুম৷ ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৫ ও জিপিএসহ সর্বমোট নম্বর ১১৫৷
আজ সোমবার বেলা ১২টার দিকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
চলতি বছর 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষায় এক হাজার ৭৮১টি আসনের বিপরীতে পাস করেছেন ১১ হাজার ৪৬৬ জন৷ মোট পরীক্ষার্থী ছিলেন এক লাখ ১০ হাজার ৩৭৪ জন৷ মোট পরীক্ষার্থী বিবেচনায় পাসের হার ১০ দশমিক ৩৯ শতাংশ৷
গত ১০ জুন 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷


