দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী আহত, ক্যাম্পাসে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, রাবি

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল মধ্যরাতে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।

আহত সাফফাত নায়েম নাফি (২২) বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাড়ি টাঙ্গাইলে। তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'বুধবার দিবাগত রাত প্রায় সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।'

ঘটনার প্রতিবাদে প্রায় শতাধিক শিক্ষার্থী আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

জানা যায়, বুধবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে বিনোদপুরের এম আর ছাত্রাবাসে অবস্থানরত কিছু শিক্ষার্থীদের মধ্যে পূর্ববর্তী একটি সমস্যার সমাধান করতে গিয়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা আহত শিক্ষার্থীর সহপাঠী ইবরাহীম বলেন, 'ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত। একটি সমস্যা সমাধানের জন্য গতকাল রাতে এন আর ছাত্রাবাসে আমরা যাই৷ সমস্যার প্রায় সমাধান করে গেটের বাহিরে আসলে হঠাৎ কিছু লোক অতর্কিতভাবে আক্রমণ চালায়। ফলে আমরা ছত্রভঙ্গ হয় পড়ি। আমাদের সহপাঠী নাফি আহত হয়।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, 'চলাফেরা নিয়ে সিনিয়র-জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি থেকে বিষয়টির সূত্রপাত। বিষয়টি জানামাত্রই আমি আর ছাত্র উপদেষ্টা ঘটনা স্থলে গিয়েছিলাম। ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পুলিশ দুর্বৃত্তদের আটক করার চেষ্টা করছে।'

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, 'আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে আমরা বিষয়টা দেখছি।'