নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ চবি ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুর রাজ্জাককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল ও অপর ছাত্রলীগ নেতা সুমন নাসিরের বিরুদ্ধে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সামনে এ ঘটনা ঘটে।
আবদুর রাজ্জাকের অভিযোগ, নিরাপত্তা দপ্তরের কর্মী জোস মোহাম্মদ জনিকে জননেত্রী শেখ হাসিনা হলে প্রহরী হিসেবে বদলি করার পর, তাকে এ আদেশ প্রত্যাহার করতে বলেন ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল ও নেতা সুমন নাছির।
আজ দুপুরে ওই দুই নেতা নিরাপত্তা দপ্তরে এসে আবদুর রাজ্জাককে এ বিষয়ে চাপ প্রয়োগ করতে থাকেন।
কিন্তু লোকবল সংকটের কথা উল্লেখ করে এই আদেশ প্রত্যাহার করা যাবে না বলে তিনি তাদের জানান।
এতে সুমন ও রুবেল রাজ্জাককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাকে 'জামায়াত শিবিরের এজেন্ট' বলেন ও গুমের হুমকি দেন।
এ ঘটনায় নিরাপত্তা কর্মকর্তা আবদুর রাজ্জাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরিয়াল বডির কাছে মৌখিক অভিযোগ করেছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
তবে নিরাপত্তা কর্মকর্তা আব্দুর রাজ্জাককে লাঞ্ছিত করার মতো কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন রেজাউল হক রুবেল ও সুমন নাসির।
নাসির ডেইলি স্টারকে বলেন, 'রাতের আঁধারে শিবিরের লোকেরা ক্যাম্পাসে পোস্টার লাগিয়ে যাচ্ছে। এ বিষয়ে সভাপতি ও আমি নিরাপত্তা কর্মকর্তা আবদুর রাজ্জাকের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু কোনো লাঞ্ছনার ঘটনা ঘটেনি।'
জানতে চাইলে চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বলেন, 'লাঞ্ছিত করার অভিযোগ ভিত্তিহীন। জোস মোহাম্মদের বিষয়েও কিছু জানি না।'
এ বিষয়ে জানতে চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি আমি শুনেছি। খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'