নির্যাতনের অভিযোগ দেওয়ায় ঢাবি শিক্ষার্থীকে হল ছাড়া করল ছাত্রলীগ

নিজস্ব সংবাদদাতা, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ হল কর্তৃপক্ষকে জানানোর পর ছাত্রলীগের নেতাকর্মীরা ভুক্তভোগী শিক্ষার্থীকে হল ছাড়া করেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজিমুল হক রাকিবকে হল থেকে বের করে দেওয়ার পর তার বই-খাতা, টেবিল ও কাপড় হলের বাইরে ফেলে দেওয়া হয়। 

সোমবার সন্ধ্যার পর থেকে হলের বাইরে অবস্থানের পর রাত ১১টার দিকে হলের আবাসিক শিক্ষকরা তাকে আবার তার কক্ষে তুলে দেয়।

এর আগে ছাত্রলীগের কর্মসূচীতে অংশগ্রহণ না করায় গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এসএম হল ছাত্রলীগের সভাপতি তানভীর সিকদার রাকিবকে ডেকে নিয়ে নির্যাতন করেন।

পরে সোমবার রাকিব হল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ জানান এবং নিরাপত্তা চান।

এরপর সন্ধ্যায় তানভীরের অনুসারী নাফিজ ও হাসান আহমেদ রাজুসহ আরো কয়েকজন তাকে হল থেকে জোরপূর্বক বের করে দেয় বলে রাকিব ডেইলি স্টারকে জানান।

রাকিব বলেন, 'ইফতারের পর নাফিজ ও রাজুর নেতৃত্বে কয়েকজন আমাকে হল থেকে বের করে দেয়।'

এ বিষয়ে জানতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মজিবুর রহমানের সঙ্গে রাত ১০টার দিকে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাটি শোনার পর ওই শিক্ষার্থীর কাছে আমি কয়েকজন আবাসিক শিক্ষককে পাঠিয়েছি। তাকে হলে তুলে দেওয়া হবে।'

জানতে চাইলে এসএম হলের আবাসিক শিক্ষক বেলাল হোসেন রাত সাড়ে ১১টার দিকে ডেইলি স্টারকে বলেন, 'আমরা হলে গিয়ে রাকিবকে তার কক্ষে তুলে দিয়ে এসেছি।'

তবে রাকিবকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ সম্পর্কে হল ছাত্রলীগ সভাপতি তানভীর সিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাকে কারা হল থেকে বের করেছে, তা আমার জানা নেই। বিষয়টি হল কর্তৃপক্ষকে তদন্ত করে দেখার অনুরোধ রইল।'

ভুক্তভোগী শিক্ষার্থী রাজিমুল হক রাকিব সোমবার রাত ১২টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি হলে উঠেছি। এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। এরপরও কিছুটা অনিরাপদ বোধ করছি।'