পবিপ্রবিতে বিশ্ব সমুদ্র দিবস পালিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ব সমুদ্র দিবস পালিত হয়েছে। আজ বুধবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের মেরিন ফিশারিজ ও ওশানোগ্রাফি বিভাগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল 'যৌথ কর্মে সমুদ্র পাবে পুনরুজ্জীবন'। দিবসটি পালনের মূল উদ্দেশ্য সাগর-মহাসাগর সম্পর্কে মানুষের সচেতনতা বাড়িয়ে তোলা।
পবিপ্রবির কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ এ বি সিদ্দিক, বিভিন্ন অনুষদের ডিন, মাৎস্যবিজ্ঞান অনুষদের সব বিভাগের চেয়ারম্যান এবং অন্যান্য শিক্ষকসহ সব শিক্ষার্থীরা।
কর্মসূচিতে উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্ত সমুদ্রের টেকসই ব্যবহার ও সুনীল অর্থনীতি অপার সম্ভাবনার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তিনি কুয়াকাটায় মেরিন রিসার্চ ইনস্টিটিউট দ্রুত বাস্তবায়ন হবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন 'মেরিন ফিশারিজ ও ওশানোগ্রাফি' বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল হাসান।
১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে প্রকৃতি ও উন্নয়ন নিয়ে একটি কনফারেন্স হয়। তারপর থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে বিশ্ব সমুদ্র দিবস।