বিচারের দাবি নিয়ে পালিত হলো শামসুন নাহার হলের নিপীড়ন দিবস

নিজস্ব সংবাদদাতা, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে শিক্ষার্থী নিপীড়নের বিচারের দাবি জানিয়ে পালিত হলো 'শামসুন নাহার হল নির্যাতন দিবস'।

২০০২ সালের ২৩ জুলাই এই হলে পুলিশ ও বহিরাগতরা ঢুকে নারী শিক্ষার্থীদের উপর নিপীড়ন চালায়। এখন পর্যন্ত নিপীড়নকারীদের বিচার হয়নি৷

দিবসটি উপলক্ষে ছাত্রলীগের নেতা-কর্মীরা মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেন৷ বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ব্যানারেও মোমবাতি প্রজ্বালন করা হয়৷ শামসুন নাহার হলের মূল গেটের সামনে এই কর্মসূচি পালিত হয়৷

বামপন্থী সংগঠনের নেতারা বলেন, '২০০২ সালে ক্যাম্পাসে যে দখলদারিত্ব ছিল ২০২২ সালেও একই রকম দখলদারিত্ব আমরা দেখছি। শুধুমাত্র ক্ষমতার হাতবদল হয়েছে।'

তারা বলেন, শামসুন নাহার হল নির্যাতন প্রতিরোধ আন্দোলন ক্যাম্পাসের দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে আমাদেরকে আজও প্রেরণা দেয়।

মোমবাতি প্রজ্জলনের আগে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতা-কর্মীরা সংগঠনের নারী সদস্যদের নিয়ে ক্যাম্পাসে মিছিল করেন৷

২০০২ সালের ২৩ জুলাই রাতে শামসুন নাহার হলে ঢুকে পুলিশ ও বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রীদের ওপর নির্যাতন চালায়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই হামলায় বহু ছাত্রী আহত হন। পরদিন থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য, প্রক্টর ও হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করতে বাধ্য হন।