রাবিতে কেন্দ্রীয়ভাবে নামাজের ব্যবস্থার দাবি নারী শিক্ষার্থীদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয়ভাবে নারী শিক্ষার্থীদের জন্যে নামাজের জায়গার ব্যবস্থা করার দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীরা।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নুর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার দুপুরে স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থীই নারী এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ। অথচ ক্যাম্পাসে তাদের জন্য নামাজের কোনো সুব্যবস্থা নেই।
কেন্দ্রীয় লাইব্রেরীতে ছাত্রীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকলেও তা যথেষ্ট সংকীর্ণ এবং ছুটির দিনগুলোতে লাইব্রেরী বন্ধ থাকায় তা ব্যবহার করা সম্ভব হয় না। এতে করে সাধারণ নারী শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয় বলে এতে উল্লেখ করা হয়।
এ সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ভেতরে ফাঁকা জায়গায় অথবা প্রশাসনের পছন্দ অনুযায়ী নারী শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হয় এমন কোনো জায়গায় স্থানে নামাজের জায়গা স্থাপনের দাবি জানান শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে নারী শিক্ষার্থীদের জন্যে বিভিন্ন একাডেমিক ভবনগুলোতে পর্যাপ্ত কমনরুম এবং ওয়াশরুমের ব্যবস্থা করারও দাবি জানানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নুর বলেন, 'আমরা এ বিষয়ে আগে থেকেই কাজ শুরু করেছি। রবীন্দ্র ভবনে ইতোমধ্যে একটি রুম ফাঁকা পেয়েছি। সেটি সংস্কার করে নামাজের জায়গা করে দেওয়া হবে।'
কেন্দ্রীয় ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, 'আমরা মসজিদ কমিটির কাছে এই বিষয়টি তুলে ধরব। তারা উদ্যোগ নিলে ভালো, নয়তো মেয়েদের হলের কাছাকাছি একটি মসজিদ তৈরি করে দেওয়া হবে।'