শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ইবির হল প্রভোস্ট নিলুফা আক্তারের পদত্যাগ
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নিলুফা আক্তার। আজ মঙ্গলবার দুপুরে ইবির রেজিস্ট্রার পত্রটি ট্রেজারারের কাছে পাঠিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার রাতে হলের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে সময়মতো হাসপাতালে নিতে প্রভোস্ট সহযোগিতা করেননি বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। পরে তার পদত্যাগের দাবিতে হলের ভেতরে বিক্ষোভ করেন ছাত্রীরা।
ছাত্রীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে তিনি রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
রেজিস্ট্রার জানান, উপাচার্য ছুটিতে থাকায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আলমগীর হোসেন ভূঁইয়া পত্রটি উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমানের কাছে পাঠিয়েছেন।
আবেদনে প্রভোস্ট নিলুফা আক্তার পদত্যাগের জন্য পারিবারিক কারণ দেখিয়েছেন বলে রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়।
যোগাযোগ করা হলে নিলুফা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'পদত্যাগের ইচ্ছার কথা জানালে উপাচার্য আমাকে পদত্যাগের পরামর্শ দেন।'
জানতে চাইলে ইবির উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান ডেইলি স্টারকে জানান, প্রভোস্টের শূন্য স্থানে হলের জ্যেষ্ঠ হাউস টিউটর রেজাউল করিমকে কো–অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে।
উপাচার্য আগামী শনিবার অফিসে এলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।