৮ দফা দাবিতে চবির প্রীতিলতা হলের প্রভোস্ট ১ ঘণ্টা অবরুদ্ধ

নিজস্ব সংবাদদাতা, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হলের এক শিক্ষার্থীর সঙ্গে হল ক্যান্টিনের ম্যানেজারের অশোভন আচরণের বিচারসহ ৮ দফা দাবিতে প্রভোস্টসহ ৩ আবাসিক শিক্ষককে প্রায় এক ঘন্টা তালাবদ্ধ করে রাখে হলের শিক্ষার্থীরা।

এ সময় দীর্ঘদিন ধরে চলতে থাকা হলের ৪৬টি সমস্যার তালিকা করে তা সমাধানে ৮ দফা দাবি লিখিত আকারে জানান শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে সমাজতত্ত্ব বিভাগের সভাপতি ও প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানা ও ২ জন হাউস টিউটর ক্যান্টিনের ম্যানেজারের হয়রানির শিকার শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় বসেন।

সে সময় ওই কক্ষে হলের অন্যান্য শিক্ষার্থীদের ঢুকতে না দেওয়ায় বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

পরে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমন আশ্বাসে দুপুর সাড়ে ১২টার দিকে তালা খুলে দেন শিক্ষার্থীরা।

লিখিত দাবির মধ্যে ছিল-হাউজ টিউটরদের আবাসিক হলে নিয়মিত উপস্থিতি,আবাসনের সক্ষমতা বন্টন, হলের দোকানদার, ক্যান্টিন ও ডাইনিংয়ের কর্মচারীদের অশোভন আচরণের প্রতিকার, প্রশাসনিক কাজে বিলম্ব ও হল মেরামত, পানি সংকট নিরসন, একজন কর্মকর্তার উপর একাধিক দায়িত্ব না দেওয়া,খাবারের মান বজায় রাখা ও দামের তালিকায় প্রভোস্টের সই থাকতে হবে।

আবাসিক শিক্ষার্থীদের ৮ দফা দাবির বিষয়ে প্রীতিলতা হলের শিক্ষার্থী মাহজাবিন সূচি দ্য ডেইলি স্টারকে বলেন, 'দীর্ঘদিন ধরে এত সমস্যার কথা আমরা বলে আসছি, কিন্তু তারা কোনো সুরাহা করছে না। উল্টো সব কর্মচারী আমাদের সঙ্গে অশোভন আচরন করেন। ক্যান্টিনের হেলাল সবার সঙ্গে খারাপ ব্যবহার করে।'

'আজ আমাদের একজন শিক্ষার্থী খাবারের মান নিয়ে কথা বললে তাকে গালিগালাজ করে।  আজকের ঘটনাসহ আমাদের ৮টি দাবির কথা জানিয়ে আমরা প্রভোস্টের কক্ষে তালা দিয়েছি,' বলেন তিনি।

জানতে চাইলে ক্যান্টিন মালিক হেলাল অশোভন আচরনের বিষয়টি অস্বীকার করেন।

প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানা দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা হেলালউদ্দীনের বিরুদ্ধে যথাযথ তদন্তের পর ব্যবস্থা নেবো। আমরা সবসময় নির্দিষ্ট সময়ে হলে উপস্থিত থাকি। তখন আমাদের কোনো অভিযোগই জানানো হয়নি।'