নিকলী হাওরে বজ্রপাতে নিহত ১, আহত ২
কিশোরগঞ্জের নিকলী হাওরে বজ্রপাতে আব্দুল জলিল (৪৫) নামে এক হাঁসের খামারি নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন গুরুতর আহত হন।
আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের কুমারহাটি গ্রামের আব্দুর রহিমের ছেলে। আহতরা একই গ্রামের বাদল মিয়া ও দ্বীন ইসলাম। তাদের সবাই হাওরে হাঁসের খামারে ছিলেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল গভীর রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। আজ আনুমানিক ভোর ৪টার দিকে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় নিকলীর বোয়াল্লে হাওরে হাঁসের খামারে বজ্রপাতে আব্দুল জলিল মারা যান এবং বাদল মিয়া ও দ্বীন ইসলাম গুরুতর আহত হন।
নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ জানান, আহতদের প্রথমে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।