পদ্মায় বিলীন হলো ৪ তলা স্কুলভবন

পদ্মার ভাঙনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় নদীতে বিলীন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্কুলের চার তলা ভবনটি ধসে যায়।

হরিরামপুরে চরাঞ্চলের তিনটি ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে চার শ। ভবনটির চার তলা পর্যন্ত ছাদ নির্মাণ করা ছিল। ভাঙনের ঝুঁকির কারণে গত দেড় বছর ধরে এর নির্মাণ কাজ বন্ধ ছিল।

এর আগে গত সপ্তাহে স্কুলটির পাশের পূর্ব পাড়ায় ৫টি বাড়ি পদ্মায় বিলীন হয়। হাতিঘাটা আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘরও তখন নদীগর্ভে চলে যায়।

আজিমনগর ইউনিয়ন চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, স্কুল ভবনটি পদ্মায় বিলীন হওয়ায় আপাতত হাটিঘাটা এলাকায় স্কুলের ক্লাস হবে। পরে বসন্তপুর এলাকায় স্থায়ীভাবে স্কুল ভবন তৈরি করা হবে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, স্কুল ভবনটি আজ দুপুর ১টায় পদ্মায় বিলীন হয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন বলেন, স্কুল ভাঙনটি ঝুঁকিতে থাকায় আমরা দেড় বছর আগেই নির্মাণকাজ বন্ধ করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে রিপোর্ট দেই। সেই অনুযায়ী নির্মাণ কাজ বন্ধ ছিল।

উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছরে ৬৬ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে চার তলা ভিত্তির ওপর এক তলা ভবন নির্মাণ করা হয়। পরে ২০১৯-২০ অর্থবছরে ১ কোটি ২৩ লাখ টাকায় বাকি ৩ তলা নির্মাণের অনুমোদন পায়।