৪ দিন পর ভেসে উঠল মা-ছেলের মরদেহ, বন্যায় মৃত্যু ২২

নিজস্ব সংবাদদাতা, সিলেট

মেয়ের বাড়িতে বন্যার পানি উঠেছে শুনে ছেলে আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে গত শুক্রবার মেয়েকে দেখতে গিয়েছিলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার মহালিখলা গ্রামের নাজমুন নেছা। মেয়ের বাড়ি থেকে ফিরে আসার পথে তারা নিজেরাই বন্যার পানিতে ভেসে যান।

এ ঘটনার চারদিন পর আজ মঙ্গলবার জৈন্তাপুরে বন্যার পানিতে ভেসে উঠেছে দুজনের মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'মহালিখলা থেকে মেয়ের বাড়ি ছাতারখাই হাওরপাড়ের আমিরাবাদে গিয়ে ফেরার পথে বন্যার পানির স্রোতে ভেসে যান মা ও ছেলে। তারা দুজনেই সাঁতার জানতেন না। এই চারদিন কেউ জানতেও পারেনি যে তারা নিখোঁজ। আজ তাদের মৃতদেহ উদ্ধার হলো।'

এ নিয়ে সিলেট বিভাগে বন্যা পরিস্থিতিতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় মোট ২২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এ সংখ্যা আরও বাড়তে পারে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা এখন পর্যন্ত তিন জেলায় ২০ জনের মৃত্যুসংবাদ নিশ্চিত হয়েছি। জৈন্তাপুরে আরও দুই জনের মরদেহ উদ্ধারের বিষয়টি জেনেছি। প্রতিনিয়ত নতুন নতুন মৃত্যুসংবাদ আসছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়বে।'

তিনি জানান, 'মৃত ২০ জনের মধ্যে সিলেট জেলায় ১২ জন, সুনামগঞ্জে ৫ জন এবং মৌলভীবাজারে ৩ জন রয়েছেন। বন্যার পানিতে ডুবে, সাপের কামড়ে, টিলা ধসে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।'