বায়ুদূষণ: সবচেয়ে দূষিত গাজীপুর, পরিচ্ছন্ন মাদারীপুর

স্টার অনলাইন রিপোর্ট

দেশের মধ্যে সবচেয়ে বেশি দূষিত বায়ু গাজীপুর জেলায় এবং দূষণের মাত্রা সবচেয়ে কম মাদারীপুরে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমান অধ্যয়ণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার এ তথ্য জানান।

দেশের ৬৩টি জেলায় জরিপ পরিচালনা করে এ তথ্য উঠে এসেছে।

জরিপ প্রতিবেদন অনুযায়ী, বায়ু দূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা জেলা এবং তৃতীয় নারায়ণগঞ্জ।

রাস্তা খোড়াখুড়ি, বিভিন্ন প্রকল্প, ইটভাটা, শিল্প কারখানাসহ বিভিন্ন কারণে গাজীপুরে দূষণ সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

বায়ু দূষণের সহনীয় মাত্রা প্রতি ঘনমিটারে ৬৫ মাইক্রোগ্রাম। সেখানে গাজীপুরের বায়ুর মান প্রতি ঘনমিটারে ২৬৩ মাইক্রোগ্রাম।

মাদারীপুরে এ মান ৪৯ মাইক্রোগ্রাম। মূলত মাদারীপুরে জলাশয়, নদী ও গাছপালার আধিক্যের কারণে বায়ুমান ভালো বলে উল্লেখ করা হয়েছে।