রাজশাহীতে বিক্রির সময় ২০১টি পাখি উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী 

রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা থেকে বিক্রির সময় জলময়ুর, সরালি, ডাহুকসহ মোট ২০১টি পাখি উদ্ধার করা হয়েছে। এ সময় ২ জনকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে আছে-২টি জলময়ুর, ১টি ধলাবুক ডাহুক, ৬টি পাতি সরালি ও ১৯২টি বেগুনি কালেম।

দুর্গাপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার সন্ধ্যায় নারিকেলবাড়িয়া এলাকায় রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করে।

এসময় পাখি ক্রয়-বিক্রয়ের অভিযোগে নারিকেলবাড়িয়ার বাসিন্দা মো গাজিয়ার রহমান ও মো. মাহবুর রহমানকে আটক করা হয়।

বন্যপ্রাণী বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাখি কেনাবেচার সংবাদ পেয়ে তারা ক্রেতা সেজে এ অভিযান চালান।

এসব পাখি পাখি ক্রয়-বিক্রয়, হত্যা, শখের বশে বাসায় পোষা, পরিবহন, বাসা ও প্রজননক্ষেত্র নষ্ট করা শাস্তিযোগ্য অপরাধ বলে জানান তিনি।

তিনি আরও জানান, উদ্ধার করা পাখিগুলোকে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে।

দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার-ভূমি (এসি ল্যান্ড) শুভ দেবনাথের ভ্রাম্যমাণ আদালত মাহবুর রহমানকে ২৫ হাজার ও গাজিয়ার রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেন বলে জানান পরিদর্শক জাহাঙ্গীর কবির।