সাভার থেকে ২১৫টি পাখি উদ্ধার
ঢাকার সাভার থেকে ৮৫টি জীবিত ও মৃত টিয়া, ১০৫টি মুনিয়া এবং ২৫টি ঘুঘু পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট।
আজ সোমবার বিকেলে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে সাভারের ইটখোলা এলাকায় অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ফেনী থেকে পাখির চালান ঢাকা হয়ে সাভারে আসবে এমন খবর পেয়ে ৫ সদস্যের একটি টিম রাতে সাভারের বাইপাস সড়কে অবস্থান নেয়। বিষয়টি পাখি বহনকারীরা বুঝতে পেরে অন্য পথ দিয়ে সাভারের ইটখোলা এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেয়।
তারা রাতে ২৫টি টিয়া পাখি মেরে ফেলে ও কিছু পাখি ছেড়ে দেয় এবং নিজেরা পালিয়ে যায়। সকালের দিকে ওই বাড়িতে গিয়ে ৬০টি জীবিত ও ২৫টি মৃত টিয়া, ১০৫টি মুনিয়া এবং ২৫টি ঘুঘু পাখি উদ্ধার করা হয়।
পাখিগুলো বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালকের নির্দেশে ঢাকার মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।