সিলেটে ৫০টি শালিক উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেটে বনবিভাগের অভিযানে ৫০টি শালিক পাখি উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

আজ রোববার সকালে নগরীর শেখঘাট এলাকায় বনবিভাগের নার্সারিতে শালিকগুলো অবমুক্ত করা হয়। এর আগে গতকাল শনিবার রাতে নগরীর লালবাজার থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

সিলেট বনবিভাগের নগর সিটি রেঞ্জ (ওয়াইল্ডলাইফ) এর রেঞ্জার মো. শহীদুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ফোনে লালবাজারে শালিক পাখি বিক্রির তথ্য জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। পরে উদ্ধারকৃত পাখিগুলো সকালে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। পাখি উদ্ধারের সময় বিক্রির সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।'