আফগান সেনাপ্রধানকে অপসারণ
গত এক সপ্তাহের মধ্যে আফগানিস্তানের নয়টি প্রাদেশিক রাজধানী তালেবানরা দখল করে নেওয়ার প্রেক্ষাপটে দেশটির সেনাপ্রধান ওয়ালি মোহাম্মদ আহমদজাইকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে কাবুল সরকার।
গতকাল বুধবার সংবাদমাধ্যম বিবিসি ও আফগান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দুর্বল ব্যবস্থাপনার কারণে অপসারণ করার কথা সংবাদমাধ্যমে বলা হলেও ওয়ালি মোহাম্মদ আহমদজাইকে অন্য কোনো পদে নিয়োগ দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
আহমদজাই গত জুনে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। দুর্বল ব্যবস্থাপনার কারণে তিনি অনেক সমালোচনার সম্মুখীন হন।
দেশটির নতুন সেনাপ্রধান হিসেবে হাইবাতুল্লাহ আলিজাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি আফগান ন্যাশনাল আর্মি কমান্ডোর কমান্ডার হিসেবে কাজ করেছিলেন।
পাশাপাশি, মাইওয়ান্ড সেনাবাহিনীর কমান্ডার সামি সাদাতকে আফগান ন্যাশনাল আর্মি কমান্ডোর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত এক সপ্তাহের মধ্যে আফগানিস্তানের বেশ কয়েকটি উত্তরাঞ্চলীয় প্রদেশ তালেবানের হাতে চলে যাওয়ায় সেনাবাহিনীতে নতুন এই পরিবর্তন আনা হয়েছে।