‘শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় আমার ক্যারিয়ারের বড় পাওয়া’

শাহ আলম সাজু

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। বছরের শেষ দিনে তার 'চিরঞ্জীব মুজিব' সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করেছেন তিনি। নতুন সিনেমা মুক্তি ও অন্যান্য বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন পূর্ণিমা।

বছরের শেষ দিনে আপনার সিনেমা মুক্তি পেলো, কাজটি নিয়ে কিছু বলুন...

এটা অবশ্যই আমার জন্য গর্বের বিষয়। এই সিনেমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় আমার ক্যারিয়ারের বড় পাওয়া। আমার শিল্পী জীবনের বড় ঘটনা। সত্যি নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। অনুভূতি আসলে অল্প কথায় প্রকাশ করা সম্ভব নয়। তবে, ভালো লাগা তো আছেই। শুধু ভালো লাগা নয়- আরও অনেক কিছু বলতে পারেন। শিল্পীজীবনে কিছু কিছু কাজ থাকে, যার জন্য জীবনভর পূর্ণতা কাজ করে। এটি আমার কাছে তেমন একটি সিনেমা, তেমন একটি চরিত্র।

বঙ্গবন্ধুর স্ত্রী'র চরিত্রে অভিনয় কতটা চ্যালেঞ্জিং ছিলো?

খুবই চ্যালেঞ্জিং ছিল। কেননা, ওই সময়টাকে মাথায় রেখে কাজ করতে হয়েছে। জাতির জনকের স্ত্রী তিনি। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে ওনার বড় অবদান ছিলো। বঙ্গবন্ধু জেলে গেলে তিনিই অনেক কিছু সামলেছেন। এসব কারণেই চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিলো। তবে, বই পড়ে, তার সম্পর্কে জেনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। অনেক প্রস্তুতি নিয়েছি।

এই সিনেমায় অভিনয়ের পর আপনার উপলব্ধি কী?

এই সিনেমা দেখে বঙ্গবন্ধুকে জানা যাবে। দর্শকদের বলব, আপনারা সিনেমাটি দেখুন। বঙ্গবন্ধুকে জানুন। বঙ্গবন্ধুকে জানলেই দেশের প্রতি ভালোবাসা তৈরি হবে। তার প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে।

২০২১ কেমন কাটল?

ভালো কেটেছে। গতবছর সবার জন্য খারাপ গেছে। এ বছর সেটা অনেক কাটিয়ে উঠেছি। আশাবাদী হতে পেরেছি। ২০২১ সালে কাজও করেছি বেশকিছু। শুটিং আটকে থাকা সিনেমার কাজ শেষ করেছি। নতুন অনুষ্ঠান উপস্থাপনা করেছি। সব মিলিয়ে বছরটি আমার জন্য ভালো গেছে।

নতুন বছরের প্রত্যাশা...

নতুন বছরে নতুন কাজের সঙ্গে থাকতে চাই। অবশ্যই ভালো কাজের সঙ্গে থাকতে চাই। ওটিটির জন্য প্রস্তাব পাচ্ছি। কিন্তু, সব কাজ করব না। গল্প ও চরিত্রকে প্রাধান্য দিয়ে কাজ করতে চাই। কাজ ছাড়া প্রত্যাশা হচ্ছে- সবকিছু সুন্দর হোক। করোনামুক্ত বিশ্ব হোক।

চলচ্চিত্র নিয়ে আপনি কতটা আশাবাদী?

আমি সবসময় আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করি এবং স্বপ্ন দেখি ঢাকাই সিনেমার সুদিন ফিরবে। আমাদের এখানে ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। নানান গল্পনির্ভর সিনেমাও হচ্ছে। সেই বিশ্বাস থেকে আরও আশাবাদী হয়ে উঠি