আজ অতিথিদের সঙ্গে সিনেমা দেখবেন পরীমনি
আগামী ৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরীমনি অভিনীত সিনেমা 'মুখোশ'। সিনেমা মুক্তির আগে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত অতিথিদের সঙ্গে সিনেমা দেখবেন পরীমনি।
বিশেষ প্রদর্শনীতে সিনেমাটির পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলী ছাড়াও বিভিন্ন মাধ্যমের অতিথিরা উপস্থিত থাকবেন।
পরীমনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার অভিনীত চলতি বছরের প্রথম সিনেমা 'মুখোশ' মুক্তি পাচ্ছে আগামী ৪ মার্চ। তার আগে বিশেষ প্রদর্শনী হবে আজ। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আমিও সিনেমা দেখব। তাদের মতামত ও ভালো লাগার কথা শুনব।'
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে ইফতেখার শুভ পরিচালিত 'মুখোশ' সিনেমাটি প্রথম সপ্তাহে সারাদেশের ৩৮টি সিনেমা হলে মুক্তি পাবে।
মুখোশের গল্প আবর্তিত হয়েছে থ্রিলার লেখক ইব্রাহীম খালেদীকে নিয়ে। তার লেখা 'মুখোশ' বইটি নিয়ে বিস্তৃত হয় রহস্যের জাল। সেই জাল ছিঁড়তে ছদ্মবেশে নেমে পড়েন ক্রাইম রিপোর্টার সোহানা। শেষ পর্যন্ত ইব্রাহিম খালেদীর মুখোশ উন্মোচন হবে কিনা জানতে হলে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তি পাওয়া পর্যন্ত।
ইব্রাহিম খালেদী চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। সোহানা চরিত্রে পরীমনি। এ ছাড়া, এতে আরও অভিনয় করেছেন রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালামসহ অনেকে।