আনোয়ারার আজীবন সম্মাননা নিলেন মেয়ে মুক্তি

স্টার অনলাইন রিপোর্ট

কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে এ বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে না পারায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন অভিনেত্রীর মেয়ে মুক্তি।

শিল্পীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হয়েছে আজ বুধবার। সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর পক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মুক্তি হাতে এ পুরস্কার তুলে দেন।

আনোয়ারাকে মঞ্চে না দেখে কারণ জানতে চান প্রধানমন্ত্রী। অভিনেত্রী অসুস্থ জানতে পেরে তিনি দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, 'আজকে আনোয়ারা আসতে পারেনি। আমি জানতাম না যে আনোয়ারা অসুস্থ। শুনে খুব দুঃখ পেলাম। তার রোগ মুক্তি কামনা করি।'

এ সময় কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার যেকোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপনা করছেন নায়ক ফেরদৌস ও পূর্ণিমা।

চলচ্চিত্রের বিভিন্ন শাখায় অবদানের জন্য ২৭টি বিভাগে এবার ৩০টি পুরস্কার পেয়েছেন ২৯ জন শিল্পী ও কলাকুশলী।

এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী আনোয়ারা এবং অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।