আবারও অঞ্জন চৌধুরীর হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে 'বিশ্বসুন্দরী'। সিনেমাটির প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু এই পুরস্কার গ্রহণ করেন।
গতকাল বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০০৯ সালে 'মনপুরা' সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার উঠেছিল অঞ্জন চৌধুরীর হাতে। 'মনপুরা' ৬টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল।
এবার 'বিশ্বসুন্দরী' পেয়েছে ৮টি পুরস্কার। শ্রেষ্ঠ চলচ্চিত্র ছাড়াও সিনেমাটি শ্রেষ্ঠ অভিনেতা (সিয়াম আহমেদ), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা (ফজলুর রহমান বাবু), গীতিকার (কবির বকুল), সুরকার ও গায়ক (ইমরান মাহমুদুল), গায়িকা (দিলশাদ নাহার কনা) এবং নৃত্য পরিচালক (প্রয়াত সুমন রহমান) ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে।
শিল্পোদ্যোক্তা অঞ্জন চৌধুরী পিন্টু সামাজিক দায়বদ্ধতা থেকে সুস্থধারার সংস্কৃতিকে এগিয়ে নিতে চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হন। ২০০১ সালে তিনি নির্মাণ করেন তানভীর মোকাম্মেল পরিচালিত ছবি 'লালসালু'। ৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল ছবিটি। পরবর্তীতে তানভীর মোকাম্মেল পরিচালিত 'লালন' ১টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
একই বছর আবু সাইয়ীদ পরিচালিত 'শঙ্খনাদ' সিনেমার সঙ্গে যুক্ত হন প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। সিনেমাটি ২টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
২০০৫ সালে প্রয়াত তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত 'অন্তর্যাত্রা' ছবিটিরও বাংলাদেশ অংশের স্বত্ব কিনে নেন অঞ্জন চৌধুরী পিন্টু।
২০০৬ সালে মুক্তি পাওয়া প্রয়াত চিত্রনায়িকা সারাহ বেগম কবরীর প্রথম চলচ্চিত্র 'আয়না' প্রযোজনা করেছেন তিনি।
সেই ধারাবাহিকতায় চয়নিকা চৌধুরী পরিচালিত 'বিশ্বসুন্দরী' চলচ্চিত্রটিও প্রযোজনা করেন তিনি।