করোনা আক্রান্ত সোহেল রানার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
বাংলা সিনেমার সোনালী দিনের নায়ক, প্রযোজক, পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা সোহেল রানার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন বলে জানিয়েছেন তার ছোট নায়ক রুবেল।
আজ সোমবার বিকেলে দ্য ডেইলি স্টারকে নায়ক সোহেল রানার সর্বশেষ শারীরিক অবস্থা জানান নায়ক রুবেল।
রুবেল বলেন, 'ভাইয়ার অবস্থা গতকাল রাত থেকে কিছুটা বেটার। আল্লাহর কাছে শুকরিয়া। আজকেও বেটার আছেন গত রাতের মতোই। পরম করুণাময়ের কাছে আর কিছু চাই না। ভাইয়াকে সুস্থ চাই।'
তিনি আরও বলেন, 'দেশবাসীর কাছে একটাই চাওয়া আপনারা দোয়া করবেন। মন থেকে দোয়া করবেন। সবার দোয়া, ভালোবাসা এবং মহান আল্লাহর রহমতে সুস্থ হয়ে যেন আমাদের সবার মাঝে ফিরে আসতে পারেন।'
সোহেল রানা গত ২৫ ডিসেম্বর রাতে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির আগে জ্বর ও কাশি ছিলো। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
হাসপাতালে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন সোহেল রানা। এদেশে মুক্তিযুদ্ধের প্রথম সিনেমা ওরা এগারোজন প্রযোজনা করে প্রশংসিত হন তিনি। ১৯৭৩ সালে রূপালি পর্দার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা। এরপর অনেক কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই সিনেমার খ্যাতিমান এই নায়ক। সর্বশেষ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন।