কার এত পাওয়ার, শিল্পী সমিতিতে তালা মারে: সুচরিতা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ ফিরে পেয়ে জায়েদ খান বিএফডিসিতে এসেছিলেন গতকাল বুধবার। তখন তার সঙ্গে ছিলেন খ্যাতিমান অভিনেত্রী সুচরিতা, অরুনা বিশ্বাস, জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। তারা চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে গিয়ে দেখেন সেখানে তালা দেওয়া।
সুচরিতা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের পরিবেশ কীভাবে সুন্দর হবে। সবাই দেখি চামচামি নিয়ে ব্যস্ত। আরও অসভ্য ভাষা ব্যবহার করছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আমার এইসব মনে থাকে না। আমাদের সমিতির পাশেই একটা পরিচালক সমিতি আছে। অনেক পরিচালকের ছবিতে আমি এখনও কাজ করছি। কিন্তু কই, একজন পরিচালককেও দেখলাম না আজ এগিয়ে আসতে। একজন পরিচালক আসলেন না, আমাদের পাশে দাঁড়ালেন না।'
তিনি আরও বলেন, 'আমরা ভদ্র মানুষ। আমরা তো মারামারি করতে চাইনি। এই যে তালা লাগিয়ে চলে গেছে। কে, কার এত পাওয়ার। তারা শিল্পী সমিতির সেবা করবে শিল্পীদের বাইরে বসিয়ে রেখে।'