কোরবানি ঈদে আসছে অনন্ত-বর্ষার ‘দিন: দ্য ডে’
দীর্ঘ ৭ বছরের বেশি সময় পর আগামী কোরবানি ঈদে সিনেমা হলে ফিরছেন আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষা। আলোচিত 'দিন : দ্য ডে' সিনেমার মাধ্যমে তারা হলে আসছেন।
আজ বৃহস্পতিবার রাতে অনন্ত জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবার সিনেমা মুক্তিতে আর মিস হবে না। কোরবানি ঈদে আমরা সিনেমা হলে ফিরছি। এবার আর মিস হবে না এটা বলতে পারি।'
এর আগে অনন্ত জলিল জানিয়েছিলেন, 'দিন: দ্য ডে' সিনেমাটি ৫টি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম।
বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।
ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের 'এ জে' ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।
সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। বিভিন্ন ধরনের সন্ত্রাস গোষ্ঠীদের দমন করতে অভিযানে অংশ নেবেন তিনি।
অনন্ত জলিলের সর্বশেষ সিনেমা 'মোস্ট ওয়েলকাম ২' সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৪ সালের ২৯ জুলাই।