গায়ক মুহিন সিনেমায়

স্টার অনলাইন রিপোর্ট

প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করছেন গায়ক মুহিন খান। আসাদ সরকার পরিচালিত 'জীবন পাখি' সিনেমায় দেখা যাবে তাকে।

রাজশাহীর গোদাগাড়ীর প্রেমতলী গ্রামে সিনেমাটির শুটিং হয়েছে। এই পূর্ণদৈর্ঘ্য সিনেমার বেশিরভাগ শুটিং রাজশাহী এলাকায় হবে।

সিনেমায় আরও অভিনয় করেছেন সুমনা সরকার, মোহনা মীম, আবু হেনা রনি ও আজাদ আবুল কালাম।

মুহিন খান আজ রোববার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গান করলেও ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি একটা ভালোলাগা ছিল। এর আগে কয়েকটি নাটকে অভিনয় করেছি। এই প্রথম সিনেমায় অভিনয় করলাম।'

তিনি আরও বলেন, 'সিনেমা হলো সবচেয়ে বড় মাধ্যম। অনেক মানুষের কাছাকাছি যাওয়া যায়।'

মুহিন ২০০৬ সালে একটি রিয়েলিটি শো থেকে গায়ক হিসেবে পরিচিতি পান।