চলচ্চিত্রের সব সংগঠনের মানববন্ধন

স্টার অনলাইন রিপোর্ট

সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চলচ্চিত্রের সব সংগঠন মানববন্ধন করেছেন।

আজ রোববার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনে এই মানববন্ধন হয়।

এ বিষয়ে পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন হয়েছে। সব ধর্মের মানুষের অংশগ্রহণে দেশ স্বাধীন হয়েছে। অসাম্প্রদায়িক একটা দেশ বাংলাদেশ। এখানে কোনো রকম হানাহানি কামনা করি না। যে যার বিশ্বাস নিয়ে বসবাস করবে। সেই কারণে আমরা আজ মানববন্ধনে দাঁড়িয়েছি।'

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বাংলাদেশ। যেকোনো প্রকার মৌলবাদের বিরুদ্ধে আমাদের সুদৃঢ় অবস্থান। যারা মন্দির, পূজা মণ্ডপে হামলা করে সম্প্রীতির বন্ধন ছিন্ন করার চেষ্টা চালিয়েছেন তাদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি।'