‘চিকিৎসার জন্যে অস্ট্রেলিয়ায় আছি, সবকিছু ঠিক হতে সময় লাগবে’

স্টার অনলাইন রিপোর্ট

'ঢাকা অ্যাটাক' সিনেমার মাধ্যমে আলোচনায় এসেছিলেন অভিনেতা তাসকিন। 'মিশন এক্সট্রিম' সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। তাসকিনকে খলনায়কের ভূমিকায় দর্শকদের পছন্দ। আগামী বছর ৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে এম রহিম পরিচালিত 'শান'। সেখানেও সিয়াম ও পূজা চেরির সঙ্গে খলনায়ক হিসেবে পর্দায় দেখা যাবে তাসকিনকে।

তাসকিন বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপে দ্য ডেইলি স্টারকে বলেন, 'মিশন এক্সট্রিম সিনেমা নিয়ে দর্শকদের ভালোই সাড়া পাচ্ছি। আমার অভিনীত চরিত্রটি নিয়ে দর্শকদের আগ্রহের কথা শুনে বেশ ভালো লাগছে। দর্শক হলে গিয়ে সিনেমা দেখছে এটা অনেক আনন্দের।'

'আমার অভিনীত আরেকটি সিনেমা 'শান' নতুন বছরে মুক্তি পাচ্ছে। এখানেও ভিন্ন একটি চরিত্রে  আমাকে দেখা যাবে। লুক, গেটআপ সবকিছুতে চমক আছে। অনেক পরিশ্রম করেছি চরিত্রে জন্য। এই সিনেমা মুক্তির সময়েও দেশে থাকতে পারবো না ভেবে মন খারাপ হচ্ছে। এটা একজন অভিনেতার জন্য যন্ত্রণাময়। দেশে থাকতে পারলে ভালো হতো,' বলেন তিন।

তাসকিন আরও বলেন, 'এখনো ঠিক বলতে পারছি না আগামী বছরে কখন দেশে ফিরতে পারবো। গত বছর ডিসেম্বর থেকে অপটিক্যাল নার্ভের চিকিৎসা নিতে অস্ট্রেলিয়ায় আছি। সবকিছু ঠিকঠাক হতে আরও কিছু সময় লাগবে। তারপরে দেশে আসার বিষয়টা ভেবে দেখা যাবে।'