‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২ ক্যাটাগরি বাদ পড়ার খবর জানি না’
চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দিতে প্রতিবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্ভাব্য তালিকা ইতোমধ্যে শেষ করেছে জুরিবোর্ড। সম্ভাব্য পুরস্কার বিজয়ীদের একটা তালিকা পাঠানো হবে তথ্য মন্ত্রণালয়ে।
জাতীয় পুরস্কারের মোট ২৮টি ক্যাটাগরির মধ্যে এবার ২৬টি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য সুপারিশ করেছে জুরিবোর্ড। বাকি ২টি ক্যাটাগরিতে কাউকে পাওয়া যায়নি বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে জুরিবোর্ডের সদস্য ও সেন্সর বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মো. জসীম উদ্দিন আজ বুধবার বিকেলে দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুরস্কারের জন্য জুড়িবোর্ডের কাজ চলছে, তালিকা ঠিকঠাক করা হচ্ছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২ ক্যাটাগরি বাদ পড়ার খবর জানি না, কোথা থেকে এমন খবর এলো তাও জানি না।'
গত আগস্টে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুরস্কারের জন্য ২০২০ সালে মুক্তি পাওয়া সিনেমা আহ্বান করে মন্ত্রণালয়। এ বছর জমা পড়ে মোট ২৭টি সিনেমা। এর মধ্যে ১৪টি পূর্ণদৈর্ঘ্য, ৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৬টি প্রামাণ্যচিত্র রয়েছে।