জায়েদ খানকে চলচ্চিত্রের ১৮ সংগঠনের বয়কটের গুঞ্জন

স্টার অনলাইন রিপোর্ট

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জায়েদ খানকে চলচ্চিত্রের ১৮টি সংগঠন বয়কট করছে বলে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে শোনা যাচ্ছিল। আজ বুধবার সংগঠনগুলোর বৈঠক শেষে এমন গুঞ্জন আবার ছড়িয়েছে।

গতকাল ও আজ ২ দিনের সভাতেই উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, চিত্রগ্রাহক সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান মজনু, শিল্পী সমিতির আজীবন সদস্য অভিনেতা আলমগীর, নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী নিপুণ, সাইমন সাদিকসহ চলচ্চিত্রের অন্য সংগঠনগুলোর প্রতিনিধিরা।

এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান দ্য ডেইলি স্টারকে বলেন, জায়েদ খানকে বয়কটের বিষয়ে কোনো কথা হয়নি আমাদের ২ দিনের আলোচনায়। এসব কথা ভিত্তিহীন।'

তিনি বলেন, 'কারা এসব ছড়াচ্ছে আমাদের জানা নেই।'

'আগে রায় আসুক, তারপর আমরা চলচ্চিত্র নিয়ে কঠোর কিছু ভাবব। এখন আমরা চলচ্চিত্রের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করছি,' বলেন সোহানুর রহমান সোহান।