জায়েদ খানের প্রার্থিতা বৈধতার রায় চেম্বার আদালতে স্থগিত

স্টার অনলাইন রিপোর্ট

অভিনেতা জায়েদ খানের প্রার্থিতা বৈধ এবং অভিনেত্রী নিপুণ আক্তারকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক হিসেবে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়কে ৪ সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান পরবর্তী নির্দেশ না দেওয়া শিল্প সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে স্থিতাবস্থা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে নিপুণের দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে আজ রোববার শীর্ষ আদালতের চেম্বার বিচারপতি এ আদেশ দেন।

আদালত নিপুণকে ৪ সপ্তাহের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল আবেদন করতে বলেন।

জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, শীর্ষ আদালতের চেম্বার বিচারপতির জারি করা স্থিতাবস্থার আদেশের পর তার মক্কেল সাধারণ সম্পাদক বহাল থাকবেন। কারণ তিনি ইতোমধ্যে দায়িত্ব পালন এবং শিল্প সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কাজ শুরু করেছেন।

নিপুণের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বলেন, হাইকোর্টের রায়ের এখন কোনো কার্যকারিতা না থাকায় তার মক্কেল সাধারণ সম্পাদক।

এর আগে, বুধবার হাইকোর্ট জায়েদের প্রার্থিতা বৈধ ও নিপুণের শিল্প সমিতির সাধারণ সম্পাদকের পদ 'অবৈধ' ঘোষণা করেন।