জেলেপাড়ার ২০০ পরিবার দেখবে ‘নোনা জলের কাব্য’

স্টার অনলাইন রিপোর্ট

রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত প্রথম সিনেমা 'নোনা জলের কাব্য' গত একবছরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

আগামী ২৬ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'নোনা জলের কাব্য'। আজ শনিবার ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত।

তবে, মুক্তির আগে সিনেমাটি শুটিং এলাকা পটুয়াখালীর প্রত্যন্ত জেলেপাড়ার প্রায় ২০০ পরিবারকে দেখানো হবে বলে জানিয়েছেন তিনি।

রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, 'দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের প্রতিদিনের জীবনযাপন, প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার লড়াই উঠে আসবে চলচ্চিত্রটিতে। জেলেদের সামাজিক রীতিনীতি ও সংস্কারও এই সিনেমার উপজীব্য।'

অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, 'আমি এখানে চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছি। বেশ ক্যারিশমাটিক একটি চরিত্র। সিনেমাপ্রেমীদের অনুরোধ করব হলে গিয়ে সিনেমা দেখুন।'

এতে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়াসহ অনেকেই এবং সিনেমাটির আবহ সংগীত পরিচালনা করেছেন অর্ণব।