‘দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অনেক সম্মানের’
অপর্ণা ঘোষ অভিনয় জীবন শুরু করেছিলেন মঞ্চ দিয়ে। প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান 'মৃত্তিকা মায়া' সিনেমায় অভিনয় করে। দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 'গণ্ডি' সিনেমায় অভিনয় করে।
দ্বিতীয়বার এই পুরস্কার পাওয়ার অনুভূতিসহ নানার বিষয়ে তিনি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে কেমন লাগছে?
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার যেকোনো শিল্পীর জন্য বিশাল পাওয়া। প্রথমবার এই সম্মান পাওয়ার অনুভূতি ছিল এক রকম, দ্বিতীয়বার পাওয়ার অনুভূতি আরেক রকম। দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অনেক সম্মানের। প্রথমবার মনে হয়েছিল অনেক বড় কিছু ঘটে গেল আমার জীবনে। এবার ভালো মতো এর অনুভব করতে পারছি।
'গণ্ডি'র জন্য এই পুরস্কার পেয়েছি। সিনেমাটির পরিচালকে ধন্যবাদ দিতে চাই। এ ছাড়া সিনেমায় আমার সহঅভিনয় শিল্পী সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচীকে বিশেষ ধন্যবাদ। সিনেমার সবার প্রতি আমার ভালোবাসা।
টেলিভিশন নাটকেই বেশি দেখা যায় আপনাকে। সিনেমাতেও অভিনয় করছেন। সিনেমা নিয়ে স্বপ্ন কী?
সিনেমায় অভিনয় করতে চাই। একটি সিনেমা একজন শিল্পীকে বছরের পর বছর বাঁচিয়ে রাখে। সিনেমার মূল্য অনেক। এ জন্য সব অভিনয় শিল্পীর ভেতর সিনেমা করার তীব্র ইচ্ছে লুকিয়ে থাকে।
আমি যে ধরনের সিনেমায় অভিনয় করছি, সে ধরনের সিনেমাই করে যেতে চাই। এমন সিনেমা করতে চােই যেখানে থাকবে আমাদের জীবনের কথা।
অভিনয়ে এলে কীভাবে?
কলেজ জীবন থেকেই অভিনয়ের শুরু। চট্টগ্রামের 'নান্দিকার' দলের প্রধান আমার বাবা। বাবাকে ছোটবেলা থেকে অভিনয় করতে দেখি। এভাবেই অভিনয়ের প্রতি আমার ভালোবাসা জন্মে। কলেজে পড়ার সময় আমিও মঞ্চে অভিনয় শুরু করি। এখন তো অভিনয় অন্যতম প্রধান ভালোবাসা হয়ে গেছে।
টানা ৩ মাস জাপানে কাটিয়ে দেশে ফিরেছেন। কেমন কাটলো জাপানের সময়?
দারুণ সময় কাটিয়েছি জাপানে। আমার স্বামী জাপানে থাকেন। অনেক দেশ ঘুরেছি, কিন্তু এবার জাপানে গিয়ে জাপানি খাবারের প্রেমে পড়ে গেছি। আমার স্বামী পাহাড় পছন্দ করেন। পাহাড়ে ট্রেকিং করেন। ওনার সঙ্গে আমিও পাহাড়ে ট্রেকিং করেছি, অনেক জায়গায় ঘুরেছি। প্রচণ্ড শীত না থাকলে আরও ঘুরতে পারতাম।