নতুন বছরের বিশেষ দিনে মুক্তি পাবে শাকিব খানের ‘গলুই’
শাকিব খান অভিনীত প্রথম সরকারি অনুদানের সিনেমা 'গলুই' মুক্তির প্রস্তুতি পর্ব চলছে। এসএ হক অলিক পরিচালিত সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। তারপর থেকেই সিনেমাটির মুক্তির নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।
সিনেমাটি পরিচালক এসএ হক অলিক আজ সন্ধ্যায় বলেন, 'রাত পোহালেই শুরু হচ্ছে নতুন বছর। নতুন বছরের বিশেষ দিন দেখে 'গলুই' মুক্তি দেওয়া হবে। সেভাবেই এগোচ্ছি আমরা।'
তিনি আরও বলেন, 'একটি সিনেমা মানে একটি স্বপ্ন। টানা শুটিং শেষ করে ডাবিং করেছি। গত সপ্তাহে সেন্সর ছাড়পত্র পেয়েছি। এখন দর্শকের জন্য প্রেক্ষাগৃহে দিতে চাই।'
শাকিব খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'খুব পরিচ্ছন্ন একটি সিনেমা 'গলুই'। অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। সিনেমাটি দর্শকদের হলমুখী করবে।'
গলুই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। এই সিনেমায় আরও অভিনয় করেছেন- সুচরিতা, আলীরাজ, সুব্রত, আজিজুল হাকিম প্রমুখ।