নিউইয়র্ক থেকে শাকিবের নতুন সিনেমার ঘোষণা
শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। সেখানে চ্যানেল আই আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গেছেন তিনি।
আজ সোমবার সেখান থেকে তিনি নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছেন।
সিনেমাটির গল্প রচয়িতা ও পরিচালক হিমেল আশরাফ মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'শাকিব ভাইয়ের সঙ্গে বিস্তারিত কথা হয়ে গেছে। আগামী বছরের মাঝামাঝি এই সিনেমায় শুটিং যুক্তরাষ্ট্রে শুরু হবে। ছবির বেশিরভাগ শুটিং সেখানে হবে। কিছু কাজ দেশেই হবে। সিনেমার নাম এখনো ঠিক হয়নি।'
শাকিব খান গত ১২ নভেম্বর ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৬তম আসরে অংশ নিতে নিউইয়র্কে যান।
সর্বশেষ শাকিব খান শুটিং করছেন 'গলুই' সিনেমায়। ছবিতে তার বিপরীতে আছেন পূজা চেরি। মুক্তির অপেক্ষায় রয়েছে 'লিডার, আমিই বাংলাদেশ', 'অন্তরাত্মা' সিনেমাগুলো। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা 'নবাব এলএলবি'।