‘নোনাজলের কাব্য’ ২৬ নভেম্বর প্রেক্ষাগৃহে

স্টার অনলাইন রিপোর্ট

দেশের বাইরে 'নোনাজলের কাব্য' সিনেমাটি প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাচ্ছে আগামী ২৬ নভেম্বর।

আগামী ২৫ নভেম্বর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

রেজওয়ান শাহরিয়ার সুমিতের চিত্রনাট্য ও নির্দেশনায় সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া ও তাসনোভা তামান্না। এর সঙ্গীত পরিচালনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।

রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, 'দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই উঠে এসেছে চলচ্চিত্রটিতে। জেলেদের সামাজিক রীতিনীতি ও সংস্কারও এই সিনেমার উপজীব্য।'

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার গল্পে আবর্তিত সিনেমাটির শুটিং হয়েছে পটুয়াখালীতে। ছবিটি ইতোমধ্যেই লন্ডন, বুসান ও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসিত হয়েছে।

২৬ নভেম্বর থেকে 'নোনাজলের কাব্য' একযোগে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা, সিনেমাস্কোপ, সিলভারস্ক্রিনে সবার জন্য প্রদর্শিত হবে।