‘প্রথম সিনেমা মুক্তিতে পরীক্ষার আগের রাতের মতো লাগছে’

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

নোভা ছোটপর্দার প্রিয়মুখ। টেলিভিশন নাটক, মডেলিং ও উপস্থাপনা করছেন অনেকদিন ধরে। এবারই প্রথমবারের মতো একটি সিনেমায় অভিনয় করেছেন। 'মৃধা বনাম মৃধা' নামের সিনেমাটি আজ শুক্রবার ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে।

ক্যারিয়ারের প্রথম সিনেমা মুক্তি এবং অন্যান্য বিষয় নিয়ে নোভা কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

আপনার ক্যারিয়ারের প্রথম সিনেমা মুক্তি পেয়েছে। প্রত্যাশা কতটুকু?

নোভা: অনুভূতি বলতে গেলে খুব নার্ভাস আমি। অন্যরকম অনুভূতি কাজ করছে। প্রথম সিনেমা মুক্তিতে পরীক্ষার আগের রাতের মতো লাগছে। এই অনুভূতি আসলে ভালোলাগার। প্রত্যাশা অনেক। প্রথমত বলব এটি আমাদের গল্প। নিজেদের জীবনের গল্প। একটি মানবিক গল্প। পরিবার বান্ধব সিনেমা 'মৃধা বনাম মৃধা'। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা। দর্শকদের বলব আপনার সিনেমাটি হলে গিয়ে দেখুন। ভালো লাগবেই। ভালো গল্প বলেই প্রত্যাশাটা বেশি।

এই সিনেমায় কোনো বার্তা আছে কি?

নোভা: এই সিনেমাটি সমাজের মানুষকে ভাবাবে। সমাজের জন্য বেশ কিছু মেসেজ আছে। ভালো মেসেজ আছে। সেজন্য বলব এই সিনেমা দেখার পর দর্শকরা বুঝবেন কী মেসেজ আছে। যা সত্যিই অনেকের মনে দাগ কেটে যাবে।

265303839_626788478590109_553447808265321613_n.jpg
নোভা। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

এই সিনেমায় আপনার চরিত্র কেমন?

নোভা: আমার চরিত্রের নাম ঐশী মৃধা। এ সমাজের একজন মেয়ে। মডার্ন মেয়ে। পুরো চরিত্রটি নিয়ে না বলি, দর্শকরা হলে গিয়ে দেখুক। এটুকু বলব অভিনয় করার সুযোগ ছিল। আমি চেষ্টা করেছি মন দিয়ে অভিনয়টা করার। পরিচালক রনি ভৌমিক একটি ভালো সিনেমা তৈরির শতভাগ চেষ্টা করেছেন।

প্রথমবার সিনেমায় আপনার বিপরীতে সিয়াম। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

নোভা: অভিনয়ের ব্যাপারে সিয়াম খুব সিরিয়াস। একটি নাটক করেছিলাম তার সঙ্গে। কাজ করতে গিয়ে দেখেছি সবসময় চরিত্রের মধ্যে ডুবে থাকে। ডেডিকেটেড ভীষণ। এ ছাড়া, এই সিনেমায় তারিক আনাম খান আছেন। শিক্ষকের মতো অনেক কিছু শিখিয়েছেন আমাকে। অনেক সহযোগিতা করেছেন।

সিনেমায় অভিনয় করতে এত সময় নিলেন কেন?

নোভা: সত্যি কথা বলতে ভালো সিনেমার অপেক্ষায় ছিলাম। ভালো একটি গল্পের অপেক্ষায় ছিলাম। সেটা দেরিতে হলেও হলো। তবে এখন আরও সিনেমা করতে চাই। কিন্তু ভিন্নতা থাকতে হবে। গল্প বলি, চরিত্র বলি, ভিন্নতা থাকতে হবে। সিনেমার অফারও আসছে। বেছে বেছে কাজ করব।