বাগদানের পর মিমের প্রথম যুক্তরাষ্ট্র যাত্রা

স্টার অনলাইন রিপোর্ট

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে আগামী ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। ৪ ডিসেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠান।

সেখানে নিজের সিনেমার গানের সঙ্গে পারফর্ম করবেন তিনি। আগামী ১০ ডিসেম্বর দেশে ফেরার কথা আছে এই অভিনেত্রীর।

এবার নিয়ে যুক্তরাষ্ট্রে ৬ বার যাওয়া হবে বলেও জানিয়েছেন মিম। 

এদিকে, গত ১০ নভেম্বর জন্মদিনে বাগদান সেরেছেন মিম। হবু স্বামী সনি পোদ্দার একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন। বাগদানের পর প্রথম দেশের বাইরে যাচ্ছেন মিম।

এ বিষয়ে মিম আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'যখন আমাদের প্রেমের সম্পর্ক ছিল তখনও তাকে ছাড়া দেশের বাইরে গিয়েছি শুটিং করতে। মন খারাপ হয় প্রিয় কিছু রেখে গেলে। বিষয়টা অভ্যাস হয়ে গেছে। এবার একটা অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছি।'

দেশের বাইরে যাওয়ার আগে 'পথে হলো দেখা' নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বিদ্যা সিনহা মিম। এ ছাড়া, শুটিং করছেন 'অন্তর্জাল' সিনেমায়। তার অভিনীত দুটি সিনেমা 'পরান' ও 'দামাল' মুক্তির অপেক্ষায় আছে।