বিপদে চলচ্চিত্র শিল্পী সমিতির কাউকে পাশে পাইনি: ইমন

স্টার অনলাইন রিপোর্ট

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। যেখানে ফোনের অপর প্রান্তে ছিলেন নায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।

এ ঘটনায় ইমনকে ডিবি ও র‌্যাব সদরদপ্তরে যেতে হয়েছে বেশ কয়েকবার। তিনি নিজে চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিক সম্পাদক পদে আছেন। তারপরও শিল্পী সমিতির কেউ এসময় পাশে ছিল না বলে জানিয়েছেন এই নায়ক।

গতরাতে দ্য ডেইলি স্টারকে ইমন বলেন, 'প্রতিটি শিল্পীর খারাপ সময়ে চলচ্চিত্র শিল্পী সমিতির পাশে থাকা উচিত। তাদের একটা ফোন কল কিংবা একটুখানি কথা মানসিকভাবে আমাদের ভালো রাখতে পারে। কিন্তু শিল্পী সমিতি সেটা আমার সঙ্গেও করেনি '

'শিল্পী সমিতির সাধারণ সম্পাদক যায়েদ খান আমাকে একটা মেসেজ দিয়েছিলেন। পরে তাকে আমি ফোন দিয়েছিলাম কিন্তু ফোনটা তিনি ধরেননি। হয়তো ব্যস্ত ছিলেন, সে কারণে ধরতে পারেননি। সভাপতি মিশা সওদাগর ভাই এতদিন পর গতকাল আমাকে ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছেন', বলেন তিনি।

ইমন আরও বলেন, 'সংগঠনের এমন আচরণে সত্যি আহত হয়েছি। যদি বিপদে চলচ্চিত্র শিল্পী সমিতির কাউকে পাশে না পাই, তাহলে কীভাব হবে? এসব ভেবে আমি নিজেও সংগঠন বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছি।'

এদিকে, ইমন অভিনীত অঞ্জন আইচ পরিচালিত 'আগামীকাল' সিনেমা আসছে ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এর মুক্তি পিছিয়ে আগামী বছর হবে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা।