মঞ্চ হলো অভিনয় শেখার পাঠশালা: ফজলুর রহমান বাবু

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

বাংলাদেশের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। মুক্তির অপেক্ষায় আছে বেশ কিছু সিনেমা। এছাড়া, সম্প্রতি নতুন একটি সিনেমার শুটিং শেষ করেছেন।

নতুন সিনেমা, থিয়েটার এবং ধারাবাহিক নাটকের বর্তমান অবস্থাসহ নানা বিষয় নিয়ে ফজলুর রহমান বাবু কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

নতুন কোন সিনেমায় অভিনয় করলেন?

সম্প্রতি ঢাকার বাইরে নতুন একটি সিনেমার শুটিং করেছি। রায়হান রাফি পরিচালিত সিনেমাটির নাম 'খাঁচার ভিতর অচিন পাখি'।

আপনাকে সবসময় জীনবমুখী সিনেমায় কাজ করতে দেখা যায়…

আমার জীবনের সঙ্গে জড়িত গল্পের কাজের প্রস্তাব বেশি আসে। 'খাঁচার ভিতর অচিন পাখি'ও একটি জীবনমুখী সিনেমা। এ ধরণের কাজ করে শিল্পী মন ভরে যায়। তাই আমিও জীবনমুখী কাজ বেশি করতে চাই।

চার দশক ধরে টেলিভিশন নাটকে অভিনয় করছেন। একসময় দীর্ঘ ধারাবাহিকে কাজ করেছেন, কিন্তু এখন আপনাকে ধারাবাহিকে কম দেখা যায় কেন?

এ কথা সত্য যে, একসময় অনেক ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। এখন এক ঘণ্টার নাটক ও টেলিফিল্ম বেশি করি। দীর্ঘ ধারাবাহিক বা মেগাসিরিয়াল আগের মতো টানে না। বেশিরভাগ সিরিয়ালের মান নিম্নমুখী, তাই সিরিয়াল করি না। অনেক সিরিয়াল হাস্যরসে ভরা থাকে এবং গল্পের ধারাবাহিকতা থাকে না।

দেশের পরিচিত নাট্যদল আরণ্যক দিয়ে আপনার পথচলা শুরু। বর্তমানে থিয়েটার থেকে দূরে আছেন। থিয়েটারকে কতটা মিস করেন?

মঞ্চ আমাকে দরুণভাবে টানে। ওই সময়কে খুব মিস করি। আমি মনে করি মঞ্চ হলো অভিনয় শেখার পাঠশালা। নাটক ও সিনেমায় বেশি ব্যস্ততার কারণে থিয়েটার নিয়মিত করতে পারি না। দূরে থাকলেও ভালোবাসা ঠিকই থেকে গেছে।

গানও গেয়েও ভালো জনপ্রিয়তা পেয়েছেন, অভিনেতা নাকি গায়ক কোন পরিচয় বেশি ভালো লাগে?

অভিনেতা পরিচয়ে বেশি ভালো লাগে। নিজেকে সবসময় অভিনেতা মনে করি। সারাজীবন শিল্পী হতে চেয়েছি। কখনো ধনী হতে চাইনি, ব্যবসায়ী হতে চাইনি- শিল্পী হতে চেয়েছি। আমার মনে হয় কিছুটা হলেও তা পেরেছি। আমি শখের বসে গান করি। গিয়াসউদ্দিন সেলিম আমাকে দিয়ে মনপুরা সিনেমায় প্রথমবার প্লেব্যাক করিয়েছিলেন। সেই যে শুরু এখনো চলছে। হুমায়ুন আহমেদ পরিচালিত ঘেটুপুত্র কমলা সিনেমায় পাঁচটি গান করেছিলাম। অ্যালবামের গান করেছি। তারপরও বলতে চাই, অভিনেতা পরিচয় দিতেই বেশি ভালো লাগে।

যে কোনো চরিত্রে সহজে মিশে যেতে পারেন, এটা কীভাবে সম্ভব?

সাধনা… অভিনয় হচ্ছে সাধনা। সাধনা ছাড়া অভিনয় হয় না। একজীবন কাটিয়ে দিলাম অভিনয় করে। এখনো শিখছি। শেখার কোনো শেষ নেই। আমি যে কোনো চরিত্র পেয়ে সেটিকে নিজের ভেতরে লালন করার চেষ্টা করি। ভেতরে লালন করার পর ক্যামেরার সামনে দাঁড়াই। এভাবেই চরিত্রের সঙ্গে মিশে যাই।