মায়ের মৃত্যু শোক কাটিয়ে বাংলাদেশে শুটিংয়ে কৌশানি

স্টার অনলাইন রিপোর্ট

কৌশানি মুখোপাধ্যায়ের মা সঙ্গীতা মুখোপাধ্যায় গত ৩০ অক্টোবর মারা গেছেন। সেই শোক কাটিয়ে উঠে একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে এসেছেন কলকাতার এই অভিনেত্রী।

বাংলাদেশের 'পিয়া রে' সিনেমায় অভিনয় করছেন কৌশানি। গত সেপ্টেম্বরে এই সিনেমার শুটিংয়ে অংশ নিতেই চাঁদপুরে এসেছিলেন তিনি।

koushani.jpg
কৌশানি মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসে শুটিং ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। শুটিং চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

কৌশানি দ্য ডেইলি স্টারকে বলেন, 'যেহেতু তারিখ দেওয়া ছিল তাই আসতে হয়েছে। ১৮ তারিখে এখানে এসেছি। চাঁদপুরের কয়েক দিন শুটিং করে গানের শুটিংয়ে বান্দরবান যাওয়ার কথা।'

২০১৫ সালে 'পারব না আমি ছাড়তে তোকে' সিনেমা দিয়ে অভিষেক হয়েছিল কৌশানি মুখোপাধ্যায়ের। এরপর 'কেলোর কীর্তি', 'তোমাকে চাই', 'হইচই আনলিমিটেড' সিনেমায় অভিনয় করেছেন।