'মিশন এক্সট্রিম' মুক্তিতে কোনো বাধা নেই

স্টার অনলাইন রিপোর্ট

পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা 'মিশন এক্সট্রিম' প্রেক্ষাগৃহে মুক্তিতে আর কোনো বাধা নেই। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। আগামী ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি।  

মিশন এক্সট্রিমের পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সানী সানোয়ার বলেন, 'মিশন এক্সট্রিম সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি আমার কাছে অনেকটা মেট্রিক পাসের আনন্দের মতো। কেমন যেন একটা চাপা উৎকণ্ঠার মধ্যে ছিলাম। কাহিনীটা সেনসিটিভ। তাই বোর্ড কীভাবে বিষয়টি দেখবে, তা নিয়ে চিন্তায় ছিলাম। কিন্তু না, দেখলাম পাস!'

3.jpg

চলচ্চিত্রটির অভিনেতা আরিফিন শুভ বলেন, 'আমি নিশ্চিত ছিলাম এমনটাই হবে। কারণ লেখক ও নির্মাতা যথেষ্ট সচেতনতার সঙ্গে সিনেমাটি বানিয়েছেন। সবচেয়ে বড় কথা, মিশন এক্সট্রিম একটি বিগ টিমওয়ার্কের ফসল। এবার সিনেমা হলে যাওয়ার পালা।'

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটিতে আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত।

রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামও আছেন এ সিনেমায়।