মুক্তি পেলো না অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’

স্টার অনলাইন রিপোর্ট

গত ১৬ অক্টোবর জমকালো অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজক ও নায়ক অনন্ত জলিল আগামী ২৪ ডিসেম্বর তার নতুন সিনেমা 'দিন: দ্য ডে' মুক্তির ঘোষণা দিয়েছিলেন। কিন্তু, ঘোষণা অনুযায়ী তার সিনেমা আজ মুক্তি পায়নি। কেন মুক্তি পেলো না এ বিষয়ে কোনো ঘোষণা দিতে দেখা যায়নি তাকে।

এ বিষয়ে জানতে আজ শুক্রবার অনন্ত জলিলের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

অনন্ত জলিল মুক্তির তারিখ ঘোষণার দিন দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, সিনেমাটির জন্য দর্শক অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তাদের সেই অপেক্ষার অবসান হচ্ছে। 'দিন: দ্য ডে' আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন লোকেশনের শুটিং হয়েছে। প্রায় ২ বছর ধরে এটি নির্মিত হয়েছে।

তিনি আরও বলেছিলেন, 'মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশিরা আছেন সেখানেই সিনেমাটি মুক্তির অনুরোধ জানিয়েছি আমি। আমি সব সময় চেষ্টা করি গল্পের চাহিদা অনুযায়ী যা যা করণীয় তা করতে। সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখলে আরও স্পষ্ট হয়ে যাবে।'

'দিন: দ্য ডে' সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। বিভিন্ন সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নিবেন তিনি।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে 'দিন: দ্য ডে'। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমায় অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।