মেয়ের সঙ্গে সানফ্রান্সিসকোতে মৌসুমী
নতুন ৩টি সিনেমার শুটিং শেষ করে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মৌসুমী। এবার তার সঙ্গী হয়েছেন মেয়ে ফাইজা। মেয়ের সঙ্গে সানফ্রান্সিসকোতে দারুণ সময় কাটছে তার, ঘুরছেন সেখানকার দর্শনীয় স্থানে।
মৌসুমী দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনেক দিন পর আমেরিকায় এসেছি। করোনার কারণে ইচ্ছে থাকলেও আসতে পারিনি। মা-মেয়ে মিলে দারুণ সময় কাটছে।'
ছুটি কাটাতে এবং মাকে দেখতেই এবার যুক্তরাষ্ট্রে গেছেন মৌসুমী। সানফ্রান্সিসকো থেকে কয়েকদিন পর যাবেন আটলান্টায়। সেখানে ছোট বোন চিত্রনায়িকা ইরিন জামান এবং তার মা থাকেন।
মৌসুমী বলেন, 'ইচ্ছে আছে ১ মাসের মতো ছুটি কাটাব। কয়েকদিন পর যাব মা ও বোনের কাছে। প্রিয়জনদের কাছে পাওয়ার মতো আনন্দ আর কী হতে পারে? ফাইজা 'ও' লেভেল শেষ করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক এটাই চাওয়া।'
মৌসুমীর মেয়ে ফাইজা চলতি মাসের ২৯ তারিখে ১৮ বছরে পা দেবেন এবং আমেরিকার সিটিজেন কার্ড পাবে।
এক প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, 'টানা ৩টি সিনেমার কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। মনের মতো করে ছুটি কাটাতে ভালো লাগছে।'
যুক্তরাষ্ট্র যাওয়ার আগে এই অভিনেত্রী দেশান্তর, সোনার চর ও ভাঙন সিনেমার কাজ শেষ করেন। ৩টি সিনেমায় সরকারি অনুদানের। অন্যদিকে একটি এক ঘণ্টার নাটক ও একটি বিজ্ঞাপনের শুটিংও শেষ করেছেন তিনি। দেশে ফেরার পর ৩টি সিনেমার ডাবিং করবেন।
আগামী ৩ নভেম্বর কেয়ামত থেকে কেয়ামতখ্যাত সিনেমার নায়িকা মৌসুমীর জন্মদিন। তবে, এবারের জন্মদিন উদযাপন করবেন আটলান্টায়।
তিনি বলেন, 'জন্মদিনটা এবার দেশের বাইরে কাটাতে হচ্ছে। তারপরও মন পড়ে থাকবে দেশে।'