‘ময়ূরাক্ষী’ সিনেমায় ববির নায়ক খায়রুল বাসার
'ময়ূরাক্ষী' সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করছেন ববি এটা অনেকেই জানেন। চলতি মাসের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। সম্প্রতি মহরত হয়েছে একটি পাঁচতারা হোটেলে। রশিদ পলাশের পরিচালিত এই সিনেমার প্রধান চরিত্রে আছেন ববি ছাড়াও আছেন শিরিন শিলা। আজ বুধবার সন্ধ্যায় জানা গেল এই সিনেমায় ববির বিপরীতে অভিনয় করছেন খায়রুল বাসার।
দ্য ডেইলি স্টারকে ববি বলেন, 'আমার বিপরীতে যে ধরনের অভিনেতার প্রয়োজন ছিল খায়রুল বাসার ঠিক তেমনি একজন অভিনয়শিল্পী। চরিত্রের সংগে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের মুখোমুখি দেখা হয়নি কিন্তু তাকে দেখে মনে হচ্ছে ভালো কিছু হবে। চরিত্র হয়ে উঠবেন তিনি খুব সহজেই। চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হবে।'
'ময়ূরাক্ষী' সিনেমার ফার্স্ট লুক পোস্টার আগেই প্রকাশিত হয়েছে। সেখানে একজন নায়িকার ভূমিকায় দেখা গেছে ববিকে। সেখানে ববি শাড়ি পরা, সঙ্গে বোল্ড সাজসোজ। হাতে জ্বলন্ত সিগারেট। মুখ থেকে বের হচ্ছে ধোঁয়া। তাকিয়ে আছেন উদাস ভঙ্গিতে। পাশে পড়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, মেঝেতে পুড়ছে খবরের কাগজ। সেই খবরের কাগজে আছে তারই ছবি।
গোলাম রাব্বানীর চিত্রনাট্যে প্রেম ও প্রতারণার গল্প 'ময়ূরাক্ষী'।